জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এইচ এম জাফর আলী গতরাতে গ্রামের বাড়ী যশোর যাওয়ার পথে নড়াইলের বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। এইচ এম জাফর আলী’র এই মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সড়ক দূর্ঘটনায় এইচ এম জাফর আলী’র হৃদয়বিদারক মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত হয়েছি। মরহুম এইচ এম জাফর আলী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ^াসী ছিলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় এইচ এম জাফর আলী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।