বাংলাদেশ স্কাউটস এর ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল সভায় নির্বাচনের মাধ্যমে প্রধান জাতীয় কমিশনার হলেন ড. মোঃ শাহ কামাল। মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট তাঁকে প্রধান জাতীয় কমিশনার পদে নিয়োগদান করেন। ড. মোঃ শাহ কামাল ১৯৬৮ সনে কাব স্কাউট হিসেবে স্কাউটিং এর সাথে সম্পৃক্ত হন। পেশাগত জীবনে জনপ্রশাসনে সরকারী দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটস এর উপজেলা ও জেলা স্কাউটস এর সভাপতি, জাতীয় উপ কমিশনার, জাতীয় কমিশনার ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। স্কাউটিং এ তাঁর নিরবচ্ছিন্ন অবদানের জন্য ইতোপূর্বে তিনি বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ডে ভূষিত হন। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. মোঃ শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত রয়েছেন।