• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে আগামী ৪ (চার) বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুসারে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান গভর্নর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে নিয়োগ দিয়েছিল। তাঁর নেতৃত্বে ব্যাংক খাতের সংস্কার কাজ শুরু হলেও দেড় বছরের মাথায় সরকার তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণকারী মো. মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৯২ সালে আইসিএমএবি (ICMAB) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির একজন ফেলো সদস্য।
পেশায় ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস এবং আবাসন খাতের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি ব্যবসায়িক সংগঠন বিজিএমইএ (BGMEA), রিহ্যাব (REHAB), আটাব (ATAB) এবং ডিসিসিআই (DCCI)-এর সদস্য হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের রেগুলেটর কমিটির সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন।

দেশের ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে নতুন গভর্নরের জন্য প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে, দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যবসায়ী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে তাঁর এই নিয়োগ নীতিনির্ধারণী পর্যায়ে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930