বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি। আজ বুধবার জাপানের প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তাকাইচি উল্লেখ করেন যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই জাপান একটি অকৃত্রিম বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাষ্ট্র গঠনে ধারাবাহিকভাবে সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশের সাথে জাপানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গুরুত্বপূর্ণ।
একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, দুই দেশের অভিন্ন লক্ষ্য, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি তাঁর বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা এবং একটি সমৃদ্ধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক (Free and Open Indo-Pacific) অঞ্চল গড়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিশেষে, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।