বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
গত শুক্রবার রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, সাচিং প্রু ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
সাচিং প্রু, ডাক নাম জেরী। ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম স্বর্গীয় অংশৈপ্রু চৌধুরী, আর মাতা স্বর্গীয় আবাঈ প্রু চৌধুরানী। বাবা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক প্রতিমন্ত্রী ।
এছাড়া তাঁর মামি মা ম্যা চিং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। গত ১৯ আগস্ট ২০২৬ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মা ম্যা চিং-কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।