আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম তাঁর নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের চরম অবহেলা ও বৈষম্যের অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি তাঁর ওপর সম্ভাব্য যেকোনো শারীরিক বা মানসিক ক্ষতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করেছেন।
মেঘনা আলম জানান, একই সময়ে অনেক নতুন এবং তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতাদের সরকারি গানম্যান ও নিরাপত্তা প্রদান করা হলেও, তিনি একজন সুপরিচিত নারী প্রার্থী হওয়া সত্ত্বেও কোনো নিরাপত্তা পাননি। উল্লেখ্য, তিনি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ আসনের একমাত্র নারী প্রার্থী।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, বর্তমানে তিনি সরাসরি যৌন হয়রানি ও শারীরিক হামলার হুমকির মুখে রয়েছেন। স্পেশাল ব্রাঞ্চ (SB) কর্তৃপক্ষ তাঁর ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন ছাড়া নিরাপত্তা প্রদানে অপরাগতা প্রকাশ করেছে।
প্রার্থী মেঘনা আলম বলেন: “আমাকে জেনেশুনে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমাকে কোনো আইনি নথি ছাড়াই বেআইনিভাবে আটক করা হয়েছিল, যা দেশবাসী দেখেছে। আজ যখন আমার জীবনের নিরাপত্তা হুমকির মুখে, তখন প্রশাসন নীরব। আল্লাহ না করুন, নির্বাচনী প্রক্রিয়ায় আমার বা আমার কর্মীদের কোনো ক্ষতি হলে, তার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।”
একজন নারী প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।