• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬
তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিনন্দন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ঢাকা: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বাংলাদেশের মহান জাতীয় নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে প্রেসিডেন্ট ট্রাম্প নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদের জন্য আমি প্রার্থনা করি।”

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বার্তায় দুই দেশের সম্পর্কের ভিত্তি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, “আমাদের দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার যে অভিন্ন লক্ষ্য, তার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আমাদের দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।”
নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা:
নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি লেখেন, “আমি আশা করি, আপনি এই অঞ্চলের কঠিন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবেন, যা আমাদের বাণিজ্যিক অংশীদারিত্বকে বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তির বাজারে রূপান্তর করতে সহায়তা করবে।”

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে ট্রাম্প আরও যোগ করেন, “আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে।”

প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি উভয় দেশের সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে।