ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের পর দলের চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “আগামীকাল দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আজ তার গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রসমাজের সাংগঠনিক অভিভাবককে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “দীর্ঘ সংগ্রামের পর জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে। আমরা বিশ্বাস করি, দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে এক নতুন ও সমৃদ্ধ সম্ভাবনার পথে এগিয়ে নেবে।”
এ সময় ছাত্রদলের শীর্ষ নেতারা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং দেশের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার রক্ষায় নতুন সরকারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।