• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি অমর একুশে হল ট্রাস্ট ফান্ডের মূলধনবৃদ্ধির লক্ষ্যে ২০ লক্ষ টাকা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
ঢাবি অমর একুশে হল ট্রাস্ট ফান্ডের মূলধনবৃদ্ধির লক্ষ্যে ২০ লক্ষ টাকা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে ২০ লক্ষ টাকা অনুদান দিয়েছে হল প্রশাসন। হলের অভ্যন্তরীণ উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয়। হল প্রশাসনের পক্ষ থেকে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ আজ ১৬ জুলাই ২০২৫ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি তুলে দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অমর একুশে হলের নিজস্ব তহবিল থেকে ১৫ লক্ষ টাকা মূলধন দিয়ে ২০০৭ সালের ২২ অক্টোবর এই ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে ফান্ডটি সমৃদ্ধ করা হয়। বর্তমান অনুদানসহ ট্রাস্ট ফান্ডে গচ্ছিত মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লক্ষ টাকা।

ট্রাস্ট ফান্ডের নিয়ম অনুযায়ী, গচ্ছিত মূলধনের লভ্যাংশ থেকে প্রতি বছর হলের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বৃত্তির জন্য হলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষ সম্মান শ্রেণির ছাত্ররা আবেদন করতে পারবে। প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে পূর্ববর্তী বর্ষসমূহের পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে। পুনঃভর্তি নেয়া কোনো ছাত্র বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না।

বৃত্তির সংখ্যা এবং অন্যান্য নিয়ম বৃত্তি সাব-কমিটি নির্ধারণ করবে। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একজন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। তবে কোনো বিভাগে আবেদন না এলে কিংবা যোগ্য আবেদনকারী না পাওয়া গেলে সেটি অন্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্থানান্তরযোগ্য হবে।