• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী; পাশে থাকারআশ্বাস মার্কিন জ্বালানি সচিবের

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী; পাশে থাকারআশ্বাস মার্কিন জ্বালানি সচিবের

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক বিঘ্ন ঘটার ফলে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এই কঠিন সময়ে দেশের অর্থনীতি ও জনগণের জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

জবাবে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজের অবগত থাকার কথা জানান। তিনি বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের পাশে থাকতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও আশ্বস্ত করেন যে, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দুই দেশের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বাড়ানো এবং একটি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিরাপদ ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930