বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করে জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব তুলে ধরেছেন।
সালাহউদ্দিন আহমদ লিখেছেন, জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত। কারণ, ছাত্র গণঅভ্যুত্থান-২০২৪ চলাকালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরীহ, নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচারে হামলা চালায়।
তিনি আরও উল্লেখ করেছেন, জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক প্রাণ হারায়। তাদের বিচার জনগণের আদালতে সম্পন্ন হয়েছে। তাই যৌক্তিক কারণে ৫ নম্বর দফা সংশোধন করা প্রয়োজন।
সালাহউদ্দিন আহমদের প্রস্তাব অনুযায়ী, সংশোধিত ৫ নম্বর দফায় উল্লেখ থাকবে—গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিরা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের সহায়তা যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করা।