• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আমদানি নির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পে পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে-বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
আমদানি নির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পে পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে-বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন।

প্লান্ট পরিদর্শনকালে তিনি বলেন, এখন থেকে তিনি নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিবেন, আমদানি নির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পে পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। তিনি বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করবো কিন্তু বেসরকারি খাতকে প্রকৃতযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

আমাদের কথায় উন্নয়ন না করে প্রকৃত উন্নয়ন করতে হবে। কত মাইল রাস্তা করেছেন তা বিবেচ্য নয়, কত কম খরচে কত টেকসইভাবে কাজটা করেছেন তা বিবেচনা করা হবে। অতীতকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করা যায়।

ফাওজুল কবির খান বলেন, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার না, বহু ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এই সরকার। তাই এটি খুব শক্তিশালী সরকার। এই সরকার জন প্রত্যাশা পূরনে কাজ করবে।

প্রকৃত উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে হবে। গত ১৬ বছর মানুষ কথা বলতে পারেনি এখন তারা সেটা বলতে পারবে। আগে সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়ে ছিল। ফলে কোনো যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেয়া হয়েছে।

বিদ্যুতের দাম কমানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন আমাদের এই খাতে বছরে ৪২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে তাহলে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে।

এতদিন উন্নয়ন হয়েছে ঢাকা কেন্দ্রিক। এখন থেকে ঢাকার বাইরে মানুষের জন্য উন্নয়ন হবে। আঞ্চলিক উন্নয়নের ফলের জনগণ উন্নয়নের সুফল পাবে। এটা কোনো ঢাকার সরকার না, এটা কোনো দলের সরকার না। সকল বৈষম্য দূর করা এই সরকারের মূল লক্ষ্য।

বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রয়েছে। বন্যা পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমান সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরের অনিয়ম দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে তারা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন।।

আজ সকাল ১০ টায় মানিকগঞ্জে পৌঁছে মাননীয় উপদেষ্টা প্রথমে পৌর এলাকায় বেউথা মিফতাহুল হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে ছাত্রদের সঙ্গে কথা বলেন। পরে মাদ্রাসার পাশে কবরস্থানে তার শ্বশুরের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে বেলা ১১ টায় শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন তিনি। এরপর উপদেষ্টা মানিকগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অভ অনার প্রদান করেন। এরপর তিনি সার্কিট হাউজে মানিকগঞ্জ জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের দাবি দেওয়া শুনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি ধামরাইয়ের ‘শৈলান প্রবীণ নিবাস’ পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর রিজওয়ান খান, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরা সুলতানা, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930