আজ (সোমবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন(আইপিইউ) এর সেক্রেটারি জেনারেল এ্যন্ডা ফিলিপ এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া’র সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সংসদ সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া প্রতিনিধিদলকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা, আইন প্রনয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। এসময় সচিব বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশে বর্তমানে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার বিরাজমান যেটি জনগনের প্রতিনিধিত্ব করছে। নবীন প্রবীণ সংসদ-সদস্যদের অংশগ্রহনে বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে। গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি।
সংসদ সচিব বলেন, ০১ সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান ক্ষমতাশীল দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যপক অনুষ্ঠানমালার মধ্যেও আইপিইউ এর জেনারেল সেক্রেটারির বাংলাদেশ সফরকে সংসদ সদস্যগণ গুরুত্বসহকারে বিবেচনা করছেন এবং তার অনুষ্ঠান সমুহে যথাযথ গুরুত্বের সাথে তারা অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
সেক্রেটারি জেনারেল এ্যান্ডা ফিলিপ সংসদ সচিবের আলোচনায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ এর একটি কার্যকারী সদস্য এবং আইপিইউ এর সাথে বাংলাদেশের দীর্ঘ দিনের সু-সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও বেশি সমৃদ্ধ করতে আই পিইইউ জাতীয় সংসদের সাথে একযোগে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ্যন্ডা ফিলিপ এসডিজি বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ বিশেষ করে এআই এর কারর্যকর প্রয়োগ বিষয়ে আইপি ইউ এর নতুন কর্ম-কৌশল সম্পর্কে সংসদ সচিবকে অবহিত করেন। তাঞ্জানিয়ায় অনুষ্ঠেয় আই পিইউ এর আসন্ন সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করার জন্য সংসদ সচিবকে অনুরোধ জনান তিনি।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।