দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ-এর উদ্যোগে আজ বুধবার, ৪ মার্চ ২০২৬ রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র রমজানের তাৎপর্য এবং টেক্সটাইল প্রকৌশলীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন যানজট এর কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইইবি-এর প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু) এবং বিকেএমইএ-এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্স-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী জুলহাস উদ্দিন, আইইবি-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), আউকো টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান, সিআইপি এবং মায়ার ডাক-এর সমন্বয়কারী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি।
আইটিইটি, বাংলাদেশ-এর আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইটিইটি, বাংলাদেশ-এর সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং ইফতার কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মইদুল ইসলাম মোঈদ।
ইফতার ও দোয়া মাহফিলে টেক্সটাইল খাতের প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। দেশের বস্ত্র শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে আলোচনায় বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।