ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলীবৃন্দ ও স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত প্রকৌশলী’কে সংবর্ধনা এবং আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)-এর সমাপনী অনুষ্ঠান ২৩ মে ২০২৬ খ্রি. রোজ শনিবার বিকাল ০৫:০০ ঘটিকায়, আইইবি মিলনায়তন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেন, আইইবি বাংলাদেশের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শুধু প্রকৌশলী পেশাজীবীদের মানোন্নয়নেই কাজ করে না, বরং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও আইইবি দেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখবেএটাই আমাদের প্রত্যাশা। আমাদের জাতীয় সংকট ও ক্রান্তিকালে, যখন গুম ও হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা সংঘটিত হচ্ছিল, তখন প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), “মায়ের ডাক” সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে নিপীড়িত মানুষের পক্ষে সাহসী ভূমিকা পালন করেন। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামে তার অবদান প্রশংসনীয়। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। বাংলাদেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন প্রকৌশলীরা। গণতান্ত্রিক অধিকার রক্ষা ও দেশের স্বার্থে আমরা বারবার আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। সর্বশেষ ২০২৪ সালের গণআন্দোলন, যা আমাদের ছাত্রসমাজের হাত ধরে শুরু হয়েছিল, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে প্রকৌশলীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত রয়েছে সততা, জবাবদিহিতা এবং দূরদর্শী পরিকল্পনা। বিগত সরকারের সময় অনেক প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম, অপচয় ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা দেশের অগ্রগতিকে ব্যাহত করেছে এবং উন্নয়নের গতিকে পিছিয়ে দিয়েছে। এই পিছিয়ে পড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে, বিশেষ করে প্রকৌশলীদের, সততা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের নেতৃত্ব ও পেশাগত অঙ্গীকারই হতে পারে সবচেয়ে বড় শক্তি।
স্বাগত বক্তব্য প্রদান করবেন, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি। তিনি বলেন, আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সেমিনার, নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সেই আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই মাসব্যাপী অনুষ্ঠানসমূহে দেশের উন্নয়ন, প্রকৌশল শিক্ষা, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মূল্যবান সেমিনার ও মতবিনিময় হয়েছে। এসব সেমিনার ও অনুষ্ঠান থেকে প্রাপ্ত সুপারিশসমূহ একত্রিত ও সমন্বিত করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহে প্রেরণ করা হবে, যাতে নীতিনির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমে সেগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।
উক্ত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), এমপি, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫, প্রকৌশলী মঈনুল ইসলাম খান, এমপি, মাননীয় সংসদ সদস্য, মানিকগঞ্জ-২, ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), এমপি, প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, এমপি, প্রকৌশলী মারদিয়া মমতাজ, এমপি এবং গবেষণা ও প্রশিক্ষণে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করে তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি এবং চেয়ারম্যান, রাজউক। তিনি বলেন, আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ মে থেকে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচি আজকের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠান দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীকে একত্রিত করে দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলার মাধ্যমে আইইবি দেশের অগ্রযাত্রায় ধারাবাহিক অবদান রেখে চলেছে।
সঞ্চালনায় ছিলেন, প্রকৌশলী কে. এম. আসাদু&জ্জামান, সদস্য-সচিব, সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান আয়োজক কমিটি এবং সম্মানী সম্পাদক, ঢাকা কেন্দ্র, আইইবি। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আহ্বায়ক, সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান আয়োজক কমিটি এবং ভাইস-প্রেসিডেন্ট, (এসএন্ডডব্লিউ), আইইবি।
অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান
সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি।