• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রান্না শুধু শিল্প নয়, এটি সংস্কৃতি, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম— ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
রান্না শুধু শিল্প নয়, এটি সংস্কৃতি, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম— ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, রান্না শুধু একটি শিল্প নয়- এটি একই সঙ্গে ভাষা, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। রান্নার মধ্যে অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সমন্বয় ঘটে। রান্নার মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটাই।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর আওতায় আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, রন্ধন প্রতিযোগিতার মতো এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেককে রান্না নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার তিনি আহ্বান জানান এবং নিজস্ব সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে রান্নাকে অনন্য করে তোলার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, কৃষকদের সহায়তা, খাদ্যের অপচয় রোধ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পুষ্টিকর, নিরাপদ ও সুস্বাদু খাবার নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস, ডিম ও অন্যান্য পুষ্টিকর উপাদান ব্যবহার করে স্বাস্থ্যসম্মত রান্নার চর্চা বাড়াতে হবে।

তিনি বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দেশের ৬৪টি জেলার ৫০৩টি উপজেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫.১ শতাংশ দীর্ঘমেয়াদী পুষ্টিহীনতায় ভুগছে। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, স্কুলের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করে জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের রন্ধন প্রতিযোগিতা আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং আগামী প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, উদ্যোক্তা এবং রন্ধন শিল্পী।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় স্থান অর্জন করেন ঢাকার আবু আব্দুল্লাহ মোঃ সিয়াম, তৃতীয় স্থান অর্জন করেন ঢাকার সাজিয়ে ফেরদৌস, চতুর্থ স্থান অর্জন করেন রংপুরের আফরিন জান্নাত এবং পঞ্চম স্থান অর্জন করেন নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস।

প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি শেফ টনি খান। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ৩০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ২০ হাজার টাকা, চতুর্থ স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ১৫ হাজার টাকা এবং পঞ্চম স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930