• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আজ বুধবার সকাল ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আহমেদ আযম খান এমপি এবং প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি।

পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয় অর্জনের পূর্বমুহূর্ত পর্যন্ত দেশে গণহত্যা ও দমন-পীড়ন অব্যাহত ছিল। ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে সেই দুঃসময়ের অবসান ঘটে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন অধ্যায়ের সূচনা হয়।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহত যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, টাঙ্গাইলের মারুফসহ আত্মত্যাগকারী ও আহতদের স্মরণ করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, শহীদ ও আহত যোদ্ধাদের অবদান প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া এবং দেশ-বিদেশে এ ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। এ অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজধানীসহ দেশের সকল জেলায় দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের নতুন যাত্রা শুরু করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা অটুট রাখা সময়ের দাবি। জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আশরাফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর জুলাই যোদ্ধা, স্কাউট সদস্য এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031