• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‎ভবদহ অঞ্চলের চলমান প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে-পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
‎ভবদহ অঞ্চলের চলমান প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে-পানিসম্পদ মন্ত্রী

‎

‎
‎যশোরের ভবদহ অঞ্চলের চলমান প্রকল্পের কাজ শেষ হলে জলবদ্ধতা খেকে পরিত্রাণ মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি। আগামী অর্থবছর শেষে এই চলমান কাজ শেষ হবে। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন।
‎
‎আজ যশোর সার্কিট হাউসে বৃহত্তর যশোর জেলার জলবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
‎
‎মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খননের প্রকল্পটি জুন মাস নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন, শিবসা নদীর পানির ধারাবাহিকতা ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নতুন করে খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
‎
‎তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটারের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ব্রিফিং শেষে পানিসম্পদ মন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা ভবদহ এলাকা পরিদর্শনে যান।
‎
‎বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।
‎
‎এছাড়াও কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930