রাজীব দেঃ
রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী ‘বিটিকেজি ফেয়ার ২০২৬’-এ বিশেষ নজর কেড়েছে টেক্স কর্প বিডি লিমিটেড-এর প্রদর্শিত অত্যাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি। বিশেষ করে প্রতিষ্ঠানটির নতুন আনা জ্যাকার্ড টাইপ সার্কুলার নিটিং মেশিনগুলো দর্শনার্থী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
মেলা প্রাঙ্গণে টেক্স কর্প বিডি লিমিটেড-এর ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) লাবিব মাহাদী হোসাইন সংবাদমাধ্যমকে জানান, বিগত বছরগুলোর তুলনায় এবারের মেলায় অংশগ্রহণকারী ও ক্রেতাদের সাড়া অনেক বেশি আশাব্যঞ্জক। তিনি বলেন, “গত দুই বছর বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে বাজার কিছুটা মন্থর থাকলেও, বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল খাতে একটি ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইছে।”এবারের মেলায় টেক্স কর্প-এর প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ‘স্কুবা জ্যাকার্ড’ এবং ‘টেরি জ্যাকার্ড’ সার্কুলার নিটিং মেশিন। লাবিব মাহাদী হোসাইন এই প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, “আগে সলিড সাধারণ ডিজাইনের কাপড়ের চাহিদা থাকলেও, এখন ‘ফাস্ট ফ্যাশন’-এর যুগে ক্রেতারা জটিল ও বৈচিত্র্যময় ডিজাইনের দিকে ঝুঁকছেন। আগে যে ধরণের কমপ্লেক্স ডিজাইন করতে ফ্ল্যাট নিট মেশিনের প্রয়োজন হতো, এখন আমাদের এই আধুনিক জ্যাকার্ড মেশিনের মাধ্যমে তা সরাসরি সার্কুলার নিটিংয়েই করা সম্ভব। এটি সময় বাঁচানোর পাশাপাশি উৎপাদন খরচও কমিয়ে আনবে।”দেশের টেক্সটাইল শিল্পের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই ধরণের উচ্চপ্রযুক্তির মেশিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেক্স কর্প তাদের মানসম্মত সেবা ও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে দেশের পোশাক শিল্পকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছে।