পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক যুবককে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, আটক নিশাদ নামের ওই যুবক জেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ-কে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। এই আইডিতে তিনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য রাখার একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে লিখেন – “গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়, এই গাঞ্জাখোর নাকি আবার আমাদের এলাকার এমপি”!
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১ টায় ঐ যুবককে গ্রেফতার করে। তবে, সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হওয়ার পর নিশাদ তাঁর ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে নেয়।
এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি বলেন, বিএনপি বাক স্বাধীনতায় বিশ্বাস করে কিন্তু বাক স্বাধীনতার নামে একজন শিক্ষার্থী যখন অভিভাবকদের নিয়ে স্ল্যাং কথাবার্তা বলে বেড়ায় তখনই সামাজিক বিপত্তি ঘটে। কার্যত পঞ্চগড়ের অভিভাবক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কে নিয়ে ওই যুবকের আপত্তিকর পোস্ট সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসামীর উপযুক্ত শাস্তি দাবি করছি।”
উক্ত কিশোরের ব্যক্তিগত আইডি ছাড়াও আরও ছয়টি ফেসবুক আইডি আছে বলেও জানা যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে গ্রেফতারকৃত আসামীকে আজ আদালতে প্রেরন করা হবে।