আজ ২৪ মে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’।
এ সময় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সংবাদমাধ্যমকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হবে না। দেশের মূল চালিকাশক্তি এই যুব সমাজের সমস্যা চিহ্নিত করে তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি আমরা।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্রমাগতভাবে ড. ইউনূসকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে বিব্রত করছে। কিন্তু তারা বিচার ও সংস্কারের কোনো রোডম্যাপ চাচ্ছে না। অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারিকুল ইসলাম বলেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুকে বাধাগ্রস্ত করতে অনেক অপশক্তি রাজপথে সক্রিয় রয়েছে। এই দাবি আদায়ই হবে যুবশক্তির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এ দাবিতে দেশব্যাপী যুব মার্চ পালন করা হবে।
মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই যুবশক্তির হাত ধরে দেশের বিশাল তরুণ জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে আমাদের সংগঠন।
জাতীয় যুবশক্তি রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাবে জানান সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী।
এরপর দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ।