সকল দলের জন্য সমান অধিকার নিশ্চিত না করে কোন নির্বাচন জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, একটি দলের সাথে বৈঠক করে নির্বাচনের রোডম্যাপ গ্রহণযোগ্য নয়। তাছাড়া যৌথ স্টেটম্যান্ট দেওয়াও সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখতে হবে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সেই নির্বাচন প্রভাবমুক্ত হবে না। কেননা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছেন, তাতে দেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার নিয়ে শঙ্কিত। এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংষ্কার, গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। তাছাড়া যেনতেন নির্বাচন দিলে পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন কখনো সম্ভব হবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার মাধবদী থানা শাখার উদ্যোগে স্থানীয় একটি মাদরাসা মিলনায়তনে শনিবার সকালে ইউনিয়ন ও থানা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের মাধবদী থানা শাখা সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাস্টার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন নরসিংদী জেলার সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন ভুইঁয়া, সহ-সভাপতি ও মহিষেশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমদ ভুইয়া, সহ-সভাপতি মাওলানা মুসা বিন কাসিম। এছাড়াও থানা নেতৃবৃন্দ অংশ নেন।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, নগর দক্ষিণ মেয়রকে কেন্দ্র করে কতিপয় নেতার বক্তব্য চরম উস্কানীমূলক। এভাবে বক্তব্য প্রদান আগামীর নির্বাচনকে চরম প্রভাবিত করে তুলবে। তার বক্তব্য প্রমাণ করে তারা সরকারে গেলে কেমন আধিপত্য বিস্তার করবে। তিনি স্থানীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। এর কোন বিকল্প নেই।