• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আবুধাবী ডায়ালগ (Abu Dhabi Dialogue – ADD) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আজ সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করে তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

আবুধাবী ডায়ালগে বক্তব্য উপস্থাপনকালে ড. আসিফ নজরুল উক্ত প্ল্যাটফর্মকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। ফলে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে নিজ দেশের উন্নয়নের পাশাপাশি গন্তব্য দেশগুলোর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে কিছু কর্মী এখনও শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন—যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশের যৌথ দায়িত্বের মাধ্যমে সমাধানযোগ্য। এসময় তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগসমূহ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ১০০% ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সার্ভিস জোরদার, দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ।

ড. আসিফ নজরুল অভিবাসনের ক্ষেত্রে অভিবাসীদের নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ ও মানবিক মর্যাদা রক্ষায় যৌথ প্রতিশ্রুতির ওপর জোর দেন।
মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠককালে উপদেষ্টা দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে মানব সম্পদ মন্ত্রীর সাথে তিনি এক দীর্ঘ আলোচনা করেন। এসময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে আমিরাতে শ্রমিক প্রবাহ কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন যে, আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীগণ ভিসাজনিত নানা সমস্যা মোকাবেলা করেছেন। বাংলাদেশীদের জন্য সকল ধরণের ভিসা জটিলতাসমূহ নিরসন করতে তিনি মানব সম্পদ মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তিনি ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসাজনিত সমস্যাগুলোর আশু নিরসনে তাকে বিশেষভাবে অনুরোধ জানান।

এর আগে ৩১ জানুয়ারি উপদেষ্টা পাকিস্তানের ফেডারেল মন্ত্রী( প্রবাসী পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী) চৌধুরী সালিক হোসাইন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ ও অভিবাসী কল্যাণে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গতকাল ৩১ জানুয়ারি দুবাইয়ের InterContinental Dubai Festival City-এ আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা উদ্বোধন করা হয়। ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন।

বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক নিয়োগ, অভিবাসী সুরক্ষা, দক্ষতার স্বীকৃতি এবং গন্তব্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের মাধ্যমে প্রবাসী কর্মীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আবুধাবী ডায়ালগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ প্রবাসী কর্মীদের সুরক্ষা, ক্ষমতায়ন ও ন্যায্য সুযোগ নিশ্চিতকরণে আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930