• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিল্পকলা একাডেমিতে শুরু হলো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল সেকাল’

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬
শিল্পকলা একাডেমিতে শুরু হলো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল সেকাল’

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৯ আগস্ট থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই উৎসবের আয়োজন করেছে। উৎসবটি চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক কোহিনূর আখতার সুচন্দা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, দর্শকদের আগ্রহ বিবেচনায় নিয়ে চলচ্চিত্র প্রদর্শনীর সংখ্যা আরও বাড়ানো হবে এবং ভবিষ্যতে জাতীয় নাট্যশালা মিলনায়তনেও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “আসছে শরৎকালে যাত্রা উৎসব আয়োজন করা হবে। যাত্রা, নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি ভাটিয়ালি, মুর্শেদি, কবিগান ও বাউলগানের মতো আমাদের সমৃদ্ধ লোকজ ঐতিহ্যের চর্চাও জোরদার করা হবে।”

সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন জানান, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়মিত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রণোদনা দিতে শিল্পকলা একাডেমি সর্বাত্মক ভূমিকা রাখবে।

৯ আগস্ট (উদ্বোধনী দিন): সন্ধ্যা ৬টায় মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ এবং রাত ৮টায় জহির রায়হান নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
১০ আগস্ট: বিকেল ৫:৩০টায় খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’ এবং রাত ৮টায় মোহাম্মদ নুরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।
১১ আগস্ট (সমাপনী দিন): বিকেল ৫:৩০টায় আমজাদ হোসেন নির্মিত ‘দুই পয়সার আলতা’ এবং রাত ৮টায় আকাশ হক নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এই উৎসবটি সব সাধারণ দর্শকের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930