• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিল্প-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে: ইউজিসি সদস্য ড. মামুন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬
শিল্প-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে: ইউজিসি সদস্য ড. মামুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সমঝোতা শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৫ আগস্ট) যবিপ্রবিতে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ বিষয়ক সেমিনার এবং পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মামুন বলেন, শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি করবে।

তিনি জানান, তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জের সুযোগ সম্প্রসারণে প্রতিটি বিভাগীয় শহরে ‘এআই সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তুলতে জেলা পর্যায়ে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা এবং স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে ‘জুলাই ২০২৪: গণঅভ্যুত্থান, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক পৃথক সেমিনারে ইউজিসি সদস্য বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কেবল শিক্ষার্থীদের আন্দোলন ছিল না; বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিল। মুক্তচিন্তার বিকাশ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের অবসানের প্রত্যাশাই ছিল এ আন্দোলনের মূল প্রেরণা।

অনুষ্ঠানে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং জুলাই আন্দোলনের যোদ্ধা ও শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031