প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ূন কবীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে মতবিনিময় করেন। তারা উল্লেখ করেন যে, পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক দীর্ঘ সময় ধরে চলে আসছে, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে একটি শক্তিশালী ভিত্তি লাভ করে। সময়ের পরিক্রমায় এই সম্পর্ক বর্তমানে কৌশলগত সহযোগিতার পর্যায়ে উন্নীত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তা আরও গভীর ও বিস্তৃত হয়েছে।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও জনসম্পদ উন্নয়নসহ বহুমুখী খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহায়তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান এবং চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে চীনের পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এছাড়া, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পসমূহ দ্রুত ও সফলভাবে বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় পক্ষই নিয়মিত যোগাযোগ ও নিবিড় সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।