প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করায় জাতীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
আজ শনিবার (২৬ জুন ২০২৬) সকাল ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে এ সংক্রান্ত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মালয়েশিয়া ও চীন সফরে দেশ ও দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখেই দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, এ সফরে অর্জিত সাফল্য কোনো ব্যক্তির নয়; এটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।
তিনি বলেন, সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। সে জন্য আমি সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।