গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ১৩ জুন ২০২৬, কক্সবাজারের চকরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
পার্ক প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কর্মসূচির শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি পরিবেশবান্ধব ও ঔষধি গুণসম্পন্ন ‘নাগলিঙ্গম’ গাছের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে দেশের বনজ সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সাফারি পার্কের ঐতিহ্যবাহী স্মারক বইয়ে (ভিজিটরস বুক) স্বাক্ষর করেন এবং পার্কের সার্বিক ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রশংসা করেন।
পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর দেশের পর্যটন শিল্পের বিকাশ এবং বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে আরও উদ্বুদ্ধ করবে।