‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং ও বিভিন্ন অভিজ্ঞতা বুকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড। এ উপলক্ষে কার্নিভাল এর আয়োজক স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড ও টিকিফাইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অংশীদারত্বের বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেলবাউন্ড নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ সাদেকুল আরেফীন এবং টিকিফাইয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে আয়োজিত এই কার্নিভালকে বাংলাদেশের প্রথম ও বৃহত্তম সমুদ্রসৈকত কার্নিভাল হিসেবে অভিহিত করছেন আয়োজকরা। প্রায় ৩৫ একর এলাকাজুড়ে বিস্তৃত এই আয়োজনে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক মানের বালুশিল্প, চিত্র ও কারুশিল্প প্রদর্শনী, খাবার, কেনাকাটা, শিশুদের বিনোদন, মিনি গলফ, গো-কার্টিং, খেলাধুলা, ক্যাম্পিংসহ নানা অভিজ্ঞতামূলক আয়োজন। আন্তর্জাতিক বালুশিল্পী পল ও রেমি হগার্ডও যুক্ত থাকবেন বিশেষ শিল্প আয়োজনে।
এই কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে আরও বৈচিত্র্যময় ও অভিজ্ঞতাভিত্তিক করে তোলার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কারুশিল্পী ও পর্যটনসেবা প্রদানকারীদের জন্য নতুন সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
এমওইউ অনুযায়ী, টিকিফাই কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং, বিভিন্ন অভিজ্ঞতা ও কার্যক্রমের বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সেবা দেবে। ১৯ নভেম্বর ২০২৬ থেকে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে টিকিট সংগ্রহ ও প্রবেশসেবা চালু হবে। নিয়মিত একবার প্রবেশের পাসের মূল্য ২০০ টাকা এবং একই দিনে একাধিকবার প্রবেশের পাসের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা ও কার্যক্রমের জন্য পৃথক টিকিটের প্রয়োজন হবে।
আয়োজকদের প্রত্যাশা, কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬ দেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও সৃজনশীল শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।