দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন পর্দার আড়ালে অতন্দ্র প্রহরীর মতো জেগেছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শারদীয় দুর্গাপূজা ২০২৬ নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বাহিনীর সদস্যদের প্রশংসনীয় ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়।
২৪ অক্টোবর, শনিবার সকালে খিলগাঁওস্থ সদর দপ্তরের কনফারেন্স হলে তাঁর সভাপতিত্বে এক বিশেষ কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়। জুম অ্যাপের মাধ্যমে সারাদেশের রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এতে যুক্ত ছিলেন। প্রাণবন্ত আলোচনায় কর্মকর্তারা পূজায় বাহিনীর কার্যক্রম ও ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
মহাপরিচালক কর্মকর্তাদের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব এবং নিরাপত্তা রক্ষায় আন্তরিক প্রচেষ্টা দেশজুড়ে প্রশংসিত হয়েছে, যা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।” একই সাথে তিনি কর্মকর্তাদের বিরামহীন তদারকি ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
পূজায় আনসার-ভিডিপির নিশ্ছিদ্র নিরাপত্তা এবং ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের দুর্গাপূজায় সারাদেশে ৩৩,১৬৫টি পূজামণ্ডপে ২,১২,৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য, আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং (QRT) টিম এবং ৬৬ হাজার আনসার-ভিডিপি সদস্য-সদস্যা শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর ৪ জন সদস্য নিহত ও ১৫ জন সদস্য আহত হয়েছেন উল্লেখ করে মহাপরিচালক দেশ ও মানুষের কল্যাণে সাফল্যের ধারা অব্যাহত রেখে জনবান্ধব, সময়োপযোগী ও কার্যকর নেতৃত্ব প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।
কনফারেন্সে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, যেকোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট ও সংকট মুহূর্তে এই বাহিনী বরাবরের মতোই দেশের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রাখবে।