• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাঁরা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক ও সেতু মন্ত্রী বলেন, জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ করতে হবে। উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়; বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ভূমিকার নিদর্শন ধরে রাখাও গুরুত্বপূর্ণ।

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি বলেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে বিষয়টি বাস্তবায়নে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে শেখ রবিউল আলম এমপি বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরনের নিষ্ঠা প্রয়োজন। এসময় মন্ত্রী ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক ব্যক্তিত্ব, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31