জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও দেশকে ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।
এই লক্ষ্যকে গতিশীল করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারীর ৬টি উপজেলায় চলমান কলেজ ভিত্তিক ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফলজ, বনজ ও ভেষজ ৪০০ চারা গাছ বিতরণ করা হয়।
জলঢাকা ও ডিমলা উপজেলায় প্রশিক্ষণার্থীদের হাতে গাছের চারা তুলে দেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এ সময় জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান ও সংশ্লিষ্ট আনসার-ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সরাসরি সম্পৃক্ত করা।
সবুজ চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রত্যন্ত অঞ্চলের বাহিনীর বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বৃক্ষরোপণকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।