হংকংয়ে বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে কনস্যুলেট-বাংলাদেশ চেম্বারের উদ্যোগ
হংকংয়ে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়কে আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হংকংয়ে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ চেম্বার অব কমার্স হংকংয়ের যৌথ উদ্যোগে কনস্যুলেট জেনারেল অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় হংকংয়ে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে হংকংয়ে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্ককে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী হংকংয়ে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায় এবং ‘বাংলাদেশ চেম্বার অব কমার্স হংকং’-এর সদস্যদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ দেশের অর্থনীতিতে নতুন গতি সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসার পরিধি সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে হংকংয়ের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অংশ নেওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা বাংলাদেশের সঙ্গে হংকংয়ের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে তাদের মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তারা বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।
প্রকাশিত হলো ‘দ্য বেঙ্গল ভিশনারিজ’
এদিকে, মতবিনিময় সভার পর বাংলাদেশ চেম্বার অব কমার্স হংকং এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশেষ বিজনেস ডিরেক্টরি ‘দ্য বেঙ্গল ভিশনারিজ’ (The Bengal Visionaries)-এর মোড়ক উন্মোচন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
হংকংয়ে কার্যরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পরিচিতি এবং ব্যবসায়িক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরিতে ডিরেক্টরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও ‘দ্য বেঙ্গল ভিশনারিজ’ কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এর মাধ্যমে হংকংয়ের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ আরো বিস্তৃত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ চেম্বার অব কমার্স হংকংয়ের এ উদ্যোগকে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।