বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবা চালু করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক STAR Hospitals-এর বিশেষায়িত ক্যানসার ইউনিট STAR Cancer Centre।
রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ সেবার ঘোষণা দেওয়া হয়।
উদ্যোগের আওতায় বাংলাদেশি ক্যানসার রোগীরা ভারতে যাওয়ার আগেই নিজেদের রোগ নির্ণয়, চলমান চিকিৎসা পরিকল্পনা ও পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিয়ে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন। রোগীর চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট ও নথি পর্যালোচনার পাশাপাশি মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজির বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীর কেস মূল্যায়নের সুযোগ থাকবে।
STAR Cancer Centre-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। স্তন, ফুসফুস, জরায়ুমুখ, খাদ্যনালি ও পরিপাকতন্ত্রের ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত রোগীদের দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
চিকিৎসা শুরুর আগে রোগীর জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণে একাধিক বিশেষজ্ঞের মতামত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ কারণে রোগীর বর্তমান চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচার, রেডিয়েশন থেরাপি, ওষুধভিত্তিক চিকিৎসা, ইমিউনোথেরাপিসহ বিভিন্ন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে পরামর্শ দেওয়া হবে।
STAR Hospitals-এর জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও তাদের পরিবার অনেক সময় মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা-সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বিনামূল্যের এই দ্বিতীয় চিকিৎসা-পরামর্শের মাধ্যমে রোগীদের চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করাই উদ্যোগটির মূল উদ্দেশ্য।
এ সেবার আওতায় প্রয়োজন অনুযায়ী রোগীদের চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য চিকিৎসা ব্যয়, হাসপাতালে অবস্থানের সময়কাল এবং ভিসা-সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে।
STAR Cancer Centre ভারতের হায়দরাবাদের বানজারা হিলস ও নানাকরামগুড়া এলাকায় চিকিৎসাসেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, সার্কভুক্ত দেশ ও মধ্য এশিয়াসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে আন্তর্জাতিক রোগীরা সেখানে চিকিৎসাসেবা নিচ্ছেন।
কেন্দ্রটিতে অঙ্গভিত্তিক ক্যানসার চিকিৎসার পাশাপাশি রোবোটিক সার্জারি, ডিজিটাল PET-CT, ৩ টেসলা MRI এবং আধুনিক রেডিয়েশন চিকিৎসার সুবিধা রয়েছে।
বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ নিতে আগ্রহী বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের স্বজনরা STAR Hospitals-এর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা-সংক্রান্ত নথি ও রিপোর্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনার সুযোগ নিতে পারবেন।