• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যা মামলা: তদন্তভার ডিবি থেকে পিবিআই-তে হস্তান্তরের নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৩, ২০২৬
চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যা মামলা: তদন্তভার ডিবি থেকে পিবিআই-তে হস্তান্তরের নির্দেশ আদালতের

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ প্রদান করেন। অধিকতর সুষ্ঠু, নিরপেক্ষ এবং গতিশীল তদন্তের স্বার্থে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।

মামলার বাদী ও নিহত আইনজীবী আলিফের ভাই জানে আলমের আবেদনের প্রেক্ষিতে তদন্তভার ডিবি উত্তর বিভাগ থেকে পিবিআই-তে ন্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবং আসামিদের গ্রেফতারে ব্যর্থতায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।
শুনানিকালে বিদায়ী তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল মামলার অগ্রগতি বিষয়ে আদালতের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। ৪০০ থেকে ৫০০ আসামি অজ্ঞাতনামা থাকলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে না পারাকে তদন্তের বড় সীমাবদ্ধতা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার সৃষ্টি হয়। ওই সময় রঙ্গম কনভেনশন হল সংলগ্ন গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, “বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত ন্যাবিচারের স্বার্থে তদন্তকারী সংস্থা পরিবর্তন করেছেন। আমরা আশা করি, পিবিআই-এর মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে।”

তদন্তভার হস্তান্তরের এই নির্দেশের ফলে ঝুলে থাকা এই স্পর্শকাতর মামলাটিতে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930