পবিত্র রমজানের আমেজ শুরু হতে না হতেই রাজধানীর গুলশানের অভিজাত ফ্যাশন হাউস ‘ভাসাভি’ (Vasavi)-তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তীব্র গরম এবং রমজানের শেষদিকের অসহনীয় যানজট ও ভিড় এড়াতে সচেতন ক্রেতারা রোজার প্রথম ভাগেই সেরে নিচ্ছেন তাদের পছন্দের কেনাকাটা।
রাজধানীর গুলশান-১ এলাকা ঘুরে দেখা যায়, রোজার দ্বিতীয় দিনেই ভাসাভি শপিং মলে ঈদের পূর্ণ আমেজ বিরাজ করছে। উৎসবের আবহে মুখরিত এই ফ্যাশন হাউসে সকাল থেকেই সব বয়সী মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের বিভাগে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এবারের ঈদে ভাসাভি তাদের কালেকশনে নিয়ে এসেছে নান্দনিকতা ও আভিজাত্যের সমন্বয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের সেলোয়ার কামিজ, প্রিমিয়াম শাড়ি এবং এক্সক্লুসিভ সব বুটিক পিসের বিশাল সমাহার সাজানো হয়েছে। পুরুষদের জন্য রয়েছে আভিজাত্যপূর্ণ পাঞ্জাবি, কাবলি এবং প্রিমিয়াম ফরমাল পোশাক। এছাড়া শিশুদের জন্য আরামদায়ক ও ট্রেন্ডি পোশাকের পাশাপাশি পাওয়া যাচ্ছে মানানসই জুতা ও ফ্যাশন এক্সেসরিজ।
কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, শেষ মুহূর্তের ভিড় এবং যানজটের ভোগান্তি এড়াতেই তারা আগেভাগেই মার্কেটে এসেছেন। এক ক্রেতা বলেন, “ভাসাভিতে সবসময়ই নতুন কিছু পাওয়া যায়। এবারও কাপড়ের মান এবং ডিজাইনে অনেক বৈচিত্র্য দেখছি। পরিবারের সবার জন্য পছন্দের পোশাক এক ছাদের নিচেই পাওয়া যাচ্ছে।”
বাজারের পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে ভাসাভি ফ্যাশন লিমিটেড-এর ম্যানেজার মো. সাদাত সামু বলেন, “ক্রেতাদের চাহিদা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আমরা প্রতিটি বিভাগ অত্যন্ত যত্ন সহকারে সাজিয়েছি। এবার ডিজাইনে অনেক নতুনত্ব আনা হয়েছে।”
অন্যদিকে, ভাসাভির ম্যানেজার আলী আফজাল আশা প্রকাশ করে বলেন, “আমাদের এখানে সাধারণত ১০ রোজার পর থেকে বেচাকেনা আরও জমে ওঠে। তবে এবার শুরু থেকেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। গত বছরের তুলনায় এবার বেচাকেনা অনেক ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি।”
উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখেও বিভিন্ন দামের পোশাকের সংগ্রহ রেখেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর অভিজাত শ্রেণির পছন্দের কেন্দ্রবিন্দু হিসেবে ভাসাভি তাদের বিশেষ পরিষেবা ও সংগ্রহ দিয়ে বরাবরের মতোই এবারও ঈদ বাজার মাতাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।