• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অভিনন্দন: বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অভিনন্দন: বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাঠানো এই শুভেচ্ছাবার্তা সংবলিত চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করা হয়।

অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার লিখেছেন, “বাংলাদেশের নির্বাচনে আপনার বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ নিশ্চিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি নিবিড় ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে, যা আমাদের অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।”

বাংলাদেশে অন্যতম বৃহত্তম সরাসরি বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে যুক্তরাজ্যের অবস্থান উল্লেখ করে স্টারমার বলেন, “আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও বিস্তৃত করার প্রত্যাশা করছি।” দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্রিটিশ সরকার বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।
নিরাপত্তা ও জলবায়ু সহযোগিতা:
চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহযোগিতার নতুন সুযোগগুলোকে স্বাগত জানান।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে, তার প্রশংসা করে কিয়ার স্টারমার বলেন, “রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্য বরাবরের মতোই বাংলাদেশের পাশে থেকে সমর্থন জারি রাখবে।”
পরিশেষে, ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই দেশের অংশীদারত্বের এই নতুন অধ্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠভাবে কাজ করার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031