গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গিয়াসপুরে আজ এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো গিয়াসপুর সূর্য তরুণ সংঘ আয়োজিত ‘প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১)’। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের এই মেগা ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মাসুদ পারভেজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গিয়াসপুর সূর্য তরুণ সংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। রিজেন্ট গ্রুপ সব সময় সুস্থ বিনোদন ও সামাজিক উন্নয়নের পাশে আছে।”
উত্তেজনাপূর্ণ ফাইনালে লড়াই করে শ্রীপুরের সুপার ব্রাদার ক্রিকেট একাদশ এবং কেন্দুয়ার কে এস এ ক্রিকেট একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচ দেখতে মাঠে সমাগম ঘটে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের, যা পুরো এলাকাকে এক মিলনমেলায় পরিণত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি-র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্রাট পরিবহনের পরিচালক ও বারিষাব ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নুরুজ্জামান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আবুল হোসেন মোড়ল।
পুরো টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট সভাপতি ও সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিমুল শেখ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জনাব আলমগীর হোসেন মোড়ল-এর নিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনটি সফল করতে বিশেষ সহযোগিতা প্রদান করেন বারিষাব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক আড়াল বাজার আউটলেটের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান শেখ (রাসেল)।
সবশেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে আকর্ষণীয় প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এক আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।