• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুবাইয়ে ‘গালফোর্ড-২০২৬’ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের বর্ণাঢ্য উদ্বোধন: অংশ নিয়েছে ৩৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
দুবাইয়ে ‘গালফোর্ড-২০২৬’ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের বর্ণাঢ্য উদ্বোধন: অংশ নিয়েছে ৩৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম খাদ্য ও পানীয় (Food & Beverage) প্রদর্শনী “Gulfood-2026”। মেলার ৩১তম এই সংস্করণের উদ্বোধনী দিনে দুবাই এক্সিবিশন সেন্টার (DEC), এক্সপো সিটিতে অবস্থিত ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাভিলিয়নটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কনসাল জেনারেল জনাব মো: রাশেদুজ্জামান, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র পরিচালক (মেলা) জনাব মোঃ ওয়ারেস হোসেন, কমার্শিয়াল কাউন্সেলর জনাব আশীষ কুমার সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব জনাব মোঃ আব্দুল কাদেরসহ বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অর্থায়নে আয়োজিত এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ৩৪টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মোট ৭২ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে (South Hall-12) প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাদ্য, স্ন্যাকস, মশলা, চাল এবং বিভিন্ন কৃষিভিত্তিক ও মূল্য সংযোজিত পণ্য প্রদর্শিত হচ্ছে।

বিশ্বের ১৯০টি দেশের প্রায় ৮,৫০০-এর অধিক প্রতিষ্ঠানের উপস্থিতিতে এই মেলা বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ‘কৌশলগত প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করছে। অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, B2B নেটওয়ার্কিং-এর মাধ্যমে তারা বৈশ্বিক ক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সক্ষম হবেন, যা বাংলাদেশের কৃষিজাত পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উল্লেখ্য যে, সাশ্রয়ী মূল্য এবং উচ্চমানের কারণে বাংলাদেশের হালাল ও প্রক্রিয়াজাত খাদ্য বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। মেলায় প্লাস এআই (Plus AI) পাওয়ারড ম্যাচমেকিং এবং লজিস্টিক স্টার্টআপের মতো আধুনিক প্রযুক্তিগত সংযোজন বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বাজার ধরার সুযোগ তৈরি করেছে।

খাত সংশ্লিষ্টরা মনে করেন, পোশাক খাতের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে ব্রান্ডিং করতে ‘গালফোর্ড-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930