• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র-ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে সমন্বিত ভাবে কাজ করবে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র-ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে সমন্বিত ভাবে কাজ করবে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি

বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে আনন্দবাজার মোড় হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া এঁর উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকাল ০৬:০০ ঘটিকায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ১৩০০ জন কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্যবৃন্দ ও ক্যাম্পাসসমূহের পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা, ফুটপাত ও ক্যাম্পাসের জমে থাকা ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো আমাদের ক্যাম্পাসসমূহ পরিচ্ছন্ন রাখতে বহিরাগত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ থেকে আমরা একসাথে অব্যাহতভাবে কাজ করে যাবো।” এছাড়া, নাগরিকদের অভ্যাসগত পরিবর্তন আনয়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সাফল্যের জন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

ডিএসসিসি প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া বলেন, “জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র-ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে সমন্বিত ভাবে কাজ করবে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি।” ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৃত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে অনেক কম উল্লেখ করে প্রশাসক বলেন ডিএসসিসি এলাকায় প্রধান হাসপাতালসমূহ অবস্থিত হওয়ায় সারা দেশের ডেঙ্গু রোগীরা ডিএসসিসি এলাকায় চিকিৎসা গ্রহণ করতে আসেন। এছাড়া, হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ নিশ্চিতকরণ ও যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে আর কোনো মুনাফালোভীদের অবৈধ ব্যবসার সুযোগ দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন এ বিষয়ে জনগণকে সাথে নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মোঃ আবু সাদিক, বুয়েট ও ডিএমসি প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930