ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ৬-দিনের এক সফরে জাপানের উদ্দেশে আজ ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন। জাপানের এহিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এই সফর করছেন।
সফরকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এহিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন উচ্চ-পর্যায়ের বৈঠকে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এহিম বিশ্ববিদ্যালয়ের চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করবেন। দু’বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।
এছাড়া, উপাচার্য ‘Implementing Water Quality Monitoring and Purification Technologies to Control Health Risks for Antimicrobial Resistance (AMR) in the Dhaka Metropolitan Area’ শীর্ষক একটি যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে এহিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। জাইকা এবং জেএসটি-এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এহিম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাব ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া, উপাচার্য জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ এবং জীবিকা নির্বাহের চ্যালেঞ্জ’ শীর্ষক এক কর্মশালায় বক্তৃতা প্রদান করবেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আগামী ২৮ জুলাই ২০২৫ সোমবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।