ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশওয়ানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ইতোমধ্যে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ। সোমবার বিএফআইইউ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাপস, তার স্ত্রী ও সন্তানের ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। বিএফআইইউ তাদের চিঠিতে লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে জানিয়েছে। চিঠিতে ফজলে নূর তাপসের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।