• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গোলটেবিল আলোচনা: বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫১ শতাংশ দেশীয় মালিকানা এবং বাধ্যতামূলক প্রযুক্তি হস্তান্তরের দাবি বিশেষজ্ঞদের

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৬
সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গোলটেবিল আলোচনা: বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫১ শতাংশ দেশীয় মালিকানা এবং বাধ্যতামূলক প্রযুক্তি হস্তান্তরের দাবি বিশেষজ্ঞদের

দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর ও জ্বালানি খাতের মতো কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় বিদেশি আধিপত্য বাড়ছে। এই খাতে দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা থাকা সত্ত্বেও তাঁদের প্রান্তিকীকরণ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই এসব সম্পদে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫১ শতাংশ দেশীয় মালিকানা এবং বাধ্যতামূলক প্রযুক্তি হস্তান্তরের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর হোটেল সারিনায় ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ’ (সিএসআর) আয়োজিত এক নীতিনির্ধারণী গোলটেবিল আলোচনায় এসব কথা বলা হয়। ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআর-এর নির্বাহী পরিচালক সাকিব আনোয়ার।

আলোচনায় অংশ নেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ক্যাব সভাপতি আবু আলম শহীদ খান, সাবেক সচিব শফিক জামান, বিসিকের সাবেক পরিচালক আবু তাহের খান, ঢাকা স্টিম উপদেষ্টা সম্পাদক হাসান মামুন, ঢাকা স্টিমের প্রধান নির্বাহী কর্নেল (অব) মো. সোহেল রানা, সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ কো-অর্ডিনেটরসবুজ এইচ চৌধুরী, এফসিএ, এটিজেএফবি সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ এর প্রোগ্রাম ডিরেক্টর ইকতান্দার হোসাইন হাওলাদার।

মূল প্রবন্ধে সাকিব আনোয়ার বলেন, অনেক ক্ষেত্রে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) নামে মূলত দেশীয় অর্থের ও ঋণের ব্যবহার হচ্ছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) এর উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে বিদেশি অপারেটরের ১৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের মধ্যে ১০০ মিলিয়ন ডলার বা ৫৮.৮ শতাংশই এসেছে দেশীয় ও আঞ্চলিক ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ঋণ থেকে।

অন্যদিকে, দেশীয় উদ্যোক্তারা সমান সুযোগ পেলে যে আন্তর্জাতিক মানের সেবা দিতে সক্ষম, তার প্রমাণ হলো সিডিডিএল ও এমজিএইচ গ্রুপ। চট্টগ্রাম বন্দরের এনসিটিতে বাংলাদেশ নৌবাহিনীর সিডিডিএল আগের অপারেটরের চেয়ে ৪৬.৬৬ শতাংশ বেশি উৎপাদনশীলতা দেখিয়েছে। একইভাবে, এনসিটি পরিচালনায় এমজিএইচ গ্রুপ বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ে কনটেইনার প্রতি বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে। তাছাড়া, ৫৫০ কোটি টাকা ব্যয়ে এমজিএইচ গ্রুপ লালদিয়ায় গ্রিন টার্মিনাল নির্মানের উদ্যোগ নিয়েছে।

উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে যাওয়ার সমালোচনা করে প্রবন্ধে বলা হয়, আন্তর্জাতিক দরপত্র ছাড়াই লালদিয়া ও পানগাঁও টার্মিনালের দীর্ঘমেয়াদি চুক্তি অস্বাভাবিক দ্রুততায় মাত্র ১৩ দিনে সম্পন্ন হয়েছে, যেখানে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসির নির্ধারিত সময়সীমা ছিল ৬২ দিন।

এছাড়া চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের (৯৩.৫০ ও ৯৭.৫০ ডলার) চেয়ে কনটেইনার প্রতি বেশি রাজস্ব (৯৮.৫০ ডলার) দেওয়ার প্রস্তাব করলেও, সরকার বিদেশিদের নিয়েই মূল্যায়ন কমিটি গঠন করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

বক্তারা বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পেতে বিদেশি কোম্পানিগুলো রাষ্ট্রদূত ও রাষ্ট্রপ্রধান পর্যায়ে লবিং করছে। কিন্তু দেশীয় লজিস্টিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের এমন কোনো অর্থবহ সংলাপ নেই। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই, কিন্তু পিসিটির মতো ঋণের টাকায় ‘এফডিআই’ দেখানোর কোনো মানে হয় না। বিদেশি প্রযুক্তি অংশীদারিত্বের ক্ষেত্রে দেশীয় সংখ্যাগরিষ্ঠ মালিকানা বা যৌথ উদ্যোগ বাধ্যতামূলক করতে হবে।

“অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বক্তারা ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে বলেন, কৌশলগত খাতে দেশীয় সংখ্যাগরিষ্ঠ মালিকানা নীতি বিদেশি বিনিয়োগ প্রবাহকে বাধাগ্রস্ত করে না, বরং দেশীয় সক্ষমতা গড়ে তোলে। সবশেষে কৌশলগত অবকাঠামোতে বিনিয়োগের জন্য উন্মুক্ত দরপত্রে দেশীয় কোম্পানির জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন বন্দর নিয়ন্ত্রক সংস্থা গঠনের সুপারিশ করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930