• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে”– সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২৬
“বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে”– সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ এফ এম রুহুল হক বলেছেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান আমাদের মহানুভবতার চাদরে জড়িয়ে রাখার অনন্য দৃষ্টান্ত। বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এডুকেশন ফি, কেয়ার গিভার, ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

আজ রাজধানীর ওয়েস্টিন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিস্ট্রিক্ট ১৮৫১’-কে একটি অত্যাধুনিক ‘মেডিকেল গ্রেড ব্লাড ট্রান্সফিউশন রেফ্রিজারেটর এবং মেডিকেল সামগ্রী প্রদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্যায় দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজে মাদকাসক্তি, জুয়াখেলা, নারী ও শিশু নির্যাতন, এসিড সন্ত্রাসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, যা ঢাকা জেলা থেকে শুরু হবে। পরবর্তীতে সারাদেশে এ কার্যক্রম বিস্তৃত করা হবে। তিনি সরকারের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতা তৈরিতে মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. এ এফ এম রুহুল হক বলেন, সরকারের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে সমন্বয় ঘটিয়ে কাজ করতে হবে। রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের এই মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক উন্নয়নকে আরও এগিয়ে নেবে। তিনি বলেন, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই, দারিদ্র্যের মানসিকতা থেকে আমাদের দেশকে তুলে ধরতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসাইন ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক হোসনে আরা এবং ডিআইজি ড. ইমতিয়াজ এ. জামান। এছাড়া রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের সভাপতি রোটারিয়ান ডা. লুবনা শারমিন, চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সালাহ উদ্দিন, রোটারি ক্লাবের কর্মকর্তা, চিকিৎসক, সমাজকর্মী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।