ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৫
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব-এর আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সার্চ এন্ড রেসকিউ টিম (SRT) দল বনাম ঢাকা বিভাগীয় দল অংশগ্রহণ করে। নারায়ানগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডের নিজস্ব মাঠে এ খেলার আয়োজন করা হয়। প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। এছাড়া পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; পরিচালক (প্রশিঃ, পরিঃ ও উন্নঃ) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি, উপপরিচালকগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের রেফারি জনাব শাহান খান। সহকারী রেফারি ছিলেন আনিসুর রহমান ও আমিরুল ইসলাম। এ খেলায় ঢাকা বিভাগীয় টিম ৩-২ গোলে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঢাকা বিভাগের খেলোয়াড় হাসিবুর রহমান। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী ও বিজীত দল এবং ম্যান অব দ্যা ম্যাচের হাতে ট্রফি তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মহোদয় উভয় দলকে এবং আয়োজনের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জ্ঞাপন করেন। বিজয়ী দলের সাথে পরবর্তী ম্যাচে ওয়্যারহাউজ ইন্সপেক্টরদের দল মুখোমুখি হবে বলে তিনি সানুগ্রহ ঘোষণা দেন। মহাপরিচালক মহোদয়ের উপস্থিতির জন্য ফায়ার সার্ভিস স্পোর্টস টিমের সাধারণ সম্পাদক ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস) আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব ইউনুস আলী।