• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক বিবৃতির মাধ্যমে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান ও প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসীমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলসীমা রক্ষায় নৌবাহিনীর বর্তমান কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন। বিশেষ করে সুনীল অর্থনীতি (Blue Economy) বিকাশে সমুদ্রসম্পদ রক্ষা, গবেষণা এবং এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে নৌবাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় প্রধানমন্ত্রীর সামনে নৌবাহিনীর আধুনিকায়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও গভীর দেশপ্রেমের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, সমুদ্রসীমা সুরক্ষায় নৌবাহিনীর নিরলস প্রচেষ্টা ও ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে।

প্রধানমন্ত্রী নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী তাদের মূলমন্ত্র “শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে, দুর্জয়” ধারণ করে সর্বদা অতন্দ্র প্রহরীর ন্যায় নিয়োজিত রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930