সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে তাঁর পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতি শোভা পাচ্ছে। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’-এর অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ছবিটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিম ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে। ছবিতে দুই নেতার প্রতিকৃতির নিচে থাকা নামসদৃশ লেখাগুলো কোনো অর্থপূর্ণ শব্দ নয়। এ ধরনের বিকৃত বা অর্থহীন লিপি এআই-নির্ভর ছবির অন্যতম বৈশিষ্ট্য।
অনুসন্ধানে ‘ডেইলি সান’-এ প্রকাশিত প্রধানমন্ত্রীর একটি প্রকৃত ছবির সন্ধান পাওয়া যায়। তথ্য অধিদপ্তর (পিআইডি) সূত্রে প্রকাশিত ওই মূল ছবির সঙ্গে ভাইরাল হওয়া ছবিটির ব্যাপক সাদৃশ্য রয়েছে। তবে মূল ছবিতে তারেক রহমানের পেছনে বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের কোনো ছবি ছিল না। ভাইরাল ছবিতে এআই প্রযুক্তির মাধ্যমে মূল ছবির ওপর এই প্রতিকৃতিগুলো ডিজিটালভাবে বসানো হয়েছে।
গুগলের এআই শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বা সম্পাদন করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
জাতীয় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের ছবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে জনৈক ব্যক্তি বা গোষ্ঠী এআই প্রযুক্তির মাধ্যমে মূল ছবিটি বিকৃত করে প্রচার করছে।
জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ছবি বা তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।