রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ড্রিম বিল্ডার্স লিমিটেড (DBL)-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাবিব। ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে মনোনীত এই প্রার্থী ৫৪ নং ব্যালটে লড়ে ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১৮ এপ্রিল (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিরতিহীনভাবে চলা এই নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণে হাবিবুর রহমান হাবিব তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব বলেন: “এই বিজয় আমার একা নয়, এটি সাধারণ ভোটারদের আস্থার বিজয়। আমাকে নির্বাচিত করার জন্য আমি সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষায় এবং রিহ্যাবকে একটি আধুনিক ও গতিশীল সংগঠনে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি আরও জানান, আবাসন খাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি নতুন পর্ষদের সাথে সমন্বয় করে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব আবাসন ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল উদ্যোক্তা। তার এই বিজয়ে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।