• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত সর্দার রমিজ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
নোয়াখালীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত সর্দার রমিজ গ্রেফতার

নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন আন্ডারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮টি মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ রমিজকে (৩০) দুটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১:৩০ ঘটিকায় আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন-এর তত্ত্বাবধানে ডিবি ও সুধারাম থানা পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারের সময় রমিজের কাছ থেকে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০১টি দেশীয় তৈরি দোনালা পাইপগান এবং ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রমিজ আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের মোঃ আমিনুল হকের ছেলে। পুলিশ জানায়, রমিজ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু এবং আন্তঃজেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে, যার মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ২২ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় আন্ডারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমিজ ও তার বাহিনীর সদস্যরা গোলাগুলি করে এলাকায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ ধরতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930