• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬
সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

​মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সদ্যভূমিষ্ঠ শিশু থেকে শুরু করে শয্যাশায়ী প্রবীণ নাগরিক-সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি উল্লেখ করেন, দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে প্রাণবন্ত, কর্মক্ষম ও সুস্থ রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

​​আজ রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়বে না।

​তিনি আরও উল্লেখ করেন, সমাজে কোনো মানুষ অবহেলিত অবস্থায় থাকুক-সরকার তা কখনোই চায় না। শারীরিক বা বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিংবা প্রবীণ নাগরিক, তাঁরা প্রত্যেকেই এই সমাজের সমান অংশীদার ও সম্মানিত সদস্য। একটি বৈষম্যহীন, মানবিক ও অংশগ্রহণমূলক কল্যাণরাষ্ট্র গঠনে প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ এবং সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক মো. ইসমাইল হোসেন। এছাড়াও সমিতির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বহুদিন পর একে অন্যের সাথে দেখা মিলতেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়; মিলনানন্দে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31